আনিপুরের ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, দ্রুত বিকল্প ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের নির্দেশ
রামকৃষ্ণনগরে সিংলা সেতু দুর্ঘটনা
দ্রুত বিকল্প ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের নির্দেশ, ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল
রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনিপুরে সিংলা নদীর উপর অবস্থিত পাকা সেতু ভেঙে সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে গভীর শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পরপরই রাজ্য সরকারের তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।
রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
মন্ত্রী জানান, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত যাতে ব্যাহত না হয়, সেই উদ্দেশ্যে অতি দ্রুত একটি অস্থায়ী সাবওয়ে (Subway) নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সিংলা নদীর উপর একটি নতুন ও শক্তিশালী পাকা সেতু দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আশ্বাস দেন, রাজ্য সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিরোধী দলের নেতা গৌরব গোগোইয়ের সমালোচনার জবাব দিতে গিয়ে তীব্র ভাষায় পাল্টা আক্রমণ করেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতি করে এবং দুর্ঘটনার মতো সংবেদনশীল বিষয় নিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করা উচিত নয়। সিংলা সেতু ভেঙে পড়ার ঘটনায় শোকাহত এলাকাবাসী দ্রুত ও স্থায়ী সমাধানের প্রত্যাশায় রয়েছে। প্রশাসনের তৎপরতায় আপাতত বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হওয়ার আশ্বাস মিলেছে।
নিউজ ডেস্ক রির্পোট
(AB NEWS বাংলা)
Comments
Post a Comment