নাবালিকার সাথে ব্ল্যাকমেইল ও শোষণের চেষ্টায় অভিযুক্ত যুবক গ্রেফতার

নাবালিকার উপর ব্ল্যাকমেইল ও শোষণের চেষ্টায় অভিযুক্ত যুবক গ্রেফতার
দ্রুত পদক্ষেপে প্রশংসিত রামকৃষ্ণনগর থানা
রামকৃষ্ণনগর থানার অন্তর্গত কালিনগর চা-বাগান এলাকায় এক নাবালিকার উপর ব্ল্যাকমেইল ও শারীরিক শোষণের চেষ্টার গুরুতর অভিযোগে পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিনগর চা-বাগান এলাকার এক দিনমজুর পরিবারের নাবালিকা কন্যাকে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তিগত ও গোপন ছবির মাধ্যমে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার চেষ্টা চলছিল। এই অভিযোগে অভিযুক্ত স্বর্গীয় লতিফ মিয়ার পুত্র, ২৮ বছর বয়সি শরিফ উদ্দিন। নাবালিকা ওই প্রস্তাবে সম্মতি না জানালে, তার ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত নাবালিকা শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর পরিবার স্থানীয় সমাজ ও চা-বাগান এলাকার বাসিন্দাদের অবগত করলে, এলাকার মানুষজন একত্রিত হয়ে অভিযুক্ত যুবককে আটক করে রামকৃষ্ণনগর থানার পুলিশের হাতে তুলে দেন। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দাখিলের পর পুলিশ দ্রুত মামলা রুজু করে তদন্তে নামে। পুলিশ সূত্রে জানানো হয়েছে,
R.K. Nagar PS Case No. 05/2026 ধারা: 75(2), 77, 351(2) BNS এবং POCSO Act-এর 12/14/15 ধারায় মামলাটি রুজু করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে রামকৃষ্ণনগর থানার পুলিশ প্রশাসন শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের পাশাপাশি বিষয়টির নিরপেক্ষ ও গভীর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কালিনগর চা-বাগান এলাকার বাসিন্দারা দোষীর বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন হয়। এদিকে, দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য রামকৃষ্ণনগর থানার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা। বিশেষ করে রামকৃষ্ণনগর সম-জেলার সি- ডিএসপি আনসুল শর্মা-র নেতৃত্বে পুলিশ প্রশাসনের তৎপরতা ও দৃঢ় অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন কালিনগর চা-বাগান এলাকার মানুষজন সহ রামকৃষ্ণনগর শহরের সচেতন মহল। স্থানীয়দের মতে, প্রশাসনের এই সময়োচিত ও দায়িত্বশীল ভূমিকা শুধু ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করেনি, বরং সমাজে নাবালিকাদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় একটি শক্ত বার্তাও দিয়েছে।

(নিউজ ডেস্ক রির্পোট এবি নিউজ)

Comments

Popular posts from this blog

বাংলাদেশের ময়মনসিংহ এর কিছু বাস্তব কথা

রামকৃষ্ণনগরে বজরং দল জেলা কমিটির পুনর্গঠন

আনিপুরের ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, দ্রুত বিকল্প ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের নির্দেশ